
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে তার নির্বাচনি এলাকার ১৫৩ জন কৃতী শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক।


‘জার্নি টু পার্লামেন্ট’ কর্মসূচির আওতায় সোমবার বিকেলে শিক্ষার্থীরা এই সুযোগ পায়। শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরাও ছিল।

এদিকে রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ও দেশের সর্বোচ্চ এই আইনসভা সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা জানায়, সংসদীয় কার্যক্রম সরাসরি দেখার এই অভিজ্ঞতা তাদের আগামী দিনের পথচলায় দারুণ অনুপ্রেরণা জোগাবে।