নীলফামারীর চিলাহাটি এলাকায় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লিপি বেগমকে গ্রেফতার করতে গেলে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ সময় মামলার বাদী মোঃ হামিদুল ইসলামের ওপরও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের মধ্যে মজিবর রহমান, মান্নান, মান্নানের স্ত্রী শিউলি বেগমসহ আরও কয়েকজন ব্যক্তি ছিলেন। তাদের বাধার মুখে পুলিশ ওই সময় আসামিকে আটক করতে পারেনি।
পরে প্রশাসনের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার শিকার বাদীকে উদ্ধার করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লিপি বেগমকে আটক করতে গেলে স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের কাজে বাধা দেয় এবং মামলার বাদীর ওপরও চড়াও হয়। পরিস্থিতির কারণে ওই সময় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মামলার বাদী মোঃ হামিদুল ইসলাম বলেন, “আমার ওপর দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার চালিয়ে আসছে মজিবর রহমান, তার স্ত্রী লিপি বেগম ও অন্যান্যরা। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় গ্রহণ করি। পরবর্তীতে ওয়ারেন্টভুক্ত আসামি লিপি বেগমকে গ্রেফতার করতে পুলিশ এলে তারা পুলিশের কাজে বাধা দেয় এবং আমার ওপরও হামলা চালায়। আমি বর্তমানে অনিরাপদবোধ করছি। আমার ওপর হওয়া অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করছি।”
পুলিশ সূত্রে জানা যায়, পরে বাদীকে উদ্ধার করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম সোহেলের জিম্মায় তাকে হস্তান্তর করা হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
