নীলফামারীর ডোমার উপজেলা-এ অনলাইন জুয়ার ঋণের চাপ সহ্য করতে না পেরে গৌরাঙ্গ চন্দ্র রায় (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মটুকপুর নয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৌরাঙ্গ চন্দ্র রায় ওই এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে যেকোনো সময়ে নিজ বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
স্বজন ও স্থানীয়দের দাবি, গৌরাঙ্গ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার পর সেই ঋণের চাপ ও মানসিক অস্থিরতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।