
রাজনীতি কারো জমিদারি না হয়ে জনগণের ইচ্ছায় বদলাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তার মতে, রাজনৈতিক দলের লোকেরা জনগণের কথা শুনতে বাধ্য হবে, এটাই আগামী দিনের বাংলাদেশ। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।
মির্জা গালিব লিখেছেন, বারাক ওবামা যখন প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য ডেমোক্রাটিক প্রাইমারিতে কম্পিটিশান শুরু করেন, কেউ ভাবেনি উনি প্রেসিডেন্ট ইলেকশন জিততে পারবেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মেও কেউ ভাবেনি, ট্রাম্প রিপাবলিকান পার্টির নমিনি হইতে পারবেন।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের আগেও কেউ ভাবেনি শিবির ছাত্র সংসদ নির্বাচন এভাবে ল্যান্ডস্লাইড জিতবে। জামায়াত এভাবে বাংলাদেশের রাজনীতিতে উঠে আসবে, এটাও অধিকাংশের ভাবনাতে ছিল না।
সময়ের সাথে মানুষের পছন্দ বদলায় উল্লেখ করে মির্জা গালিব বলেন, ‘জুলাইয়ের মধ্য দিয়ে দেয়ালের লিখন কতটা বদলে গেছে, আমরা ১২ তারিখে সেইটা দেখতে পাব, ইনশাআল্লাহ। রাজনীতি কারো জমিদারী না হইয়া জনগণের ইচ্ছাতে বদলাবে, রাজনৈতিক দলের লোকেরা জনগণের কথা শুনতে বাধ্য হবে – এইটাই আগামী দিনের বাংলাদেশ।’