ভ্যাটের কাগজ দেখতে চাওয়ায় পরিদর্শককে খুঁটিতে বেঁধে মারধর

 Image description

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দোকানের ভ্যাট-সংক্রান্ত কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে মো. সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার ঘটনা ঘটেছে।

 

শনিবার (৯ মে) দুপুরে উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

 

আহত মো. সাইফুল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ভ্যাট পরিদর্শক।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা পৌনে দুইটার দিকে সাইফুল ইসলাম মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে গিয়ে ব্যবসায়ীর কাছে ভ্যাট-সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। ওই সময় ব্যবসায়ী হাবিবুর রহমান সরকারি ছুটির দিনে অভিযান চালানোয় তাকে ‘ভুয়া’ কর্মকর্তা সন্দেহ করেন।

ভ্যাট পরিদর্শক নিজের পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখালেও সন্দেহ দূর হয়নি। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং পরে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে রক্ষার চেষ্টা করলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলামকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান, তার ডান হাতের কনুইয়ের ওপরে হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

 

আহত সাইফুল ইসলাম বলেন, তিনি ভ্যাট নিবন্ধন যাচাই করতে গেলে ব্যবসায়ী ও তার লোকজন তাকে খুঁটিতে বেঁধে মারধর করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী হাবিবুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

 

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবীনতর পূর্বতন

Smartwatchs