
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিন সংক্রান্ত এক চাঞ্চল্যকর অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনের আগে এই অডিও রেকর্ডের তথ্য উপজেলাজুড়ে ভোটারদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৬ মিনিট ১১ সেকেন্ডের ওই অডিও রেকর্ড ফেসবুকে ফাঁস হয় এবং মুহূর্তেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপে দেখা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন এমপি প্রার্থী শাহিনকে সতর্ক করছেন। তিনি বলেন,
“দাদা, আপনার মাঠ ভালো, কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দেবে না। আপনার হাসপাতাল থেকে নেওয়া মোটা অঙ্কের চাঁদার ভিডিও আমার কাছে আছে। এছাড়া ডাক্তারদের হুমকি দিয়ে নেওয়া চাঁদার রেকর্ডও আমার কাছে রয়েছে। আপনার এমপি হওয়ার রিমোট কন্ট্রোল এখন আমার হাতে। আমি চাইলে এগুলো ফেসবুকে প্রকাশ করতে পারি।”
অডিওতে শাহিন তার উত্তরে বলেন, “তোর কোনো সমস্যা হবে না। আমি কী তোরে কিছু বলেছি? কে কি বলল তা নিয়ে চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলি, এখনো তেমনি আছোস।”
এতে মোবারক হোসেন বলেন, “আমি আপনাকে আর বিশ্বাস করি না।”
উত্তরে শাহিন বলেন, “তুই কাল আমার সঙ্গে দেখা করিস।”
মোবারক পাল্টা জবাবে বলেন, “আমি আপনার সঙ্গে বাসায় দেখা করলেই আপনি লাইসেন্সধারী পিস্তল দিয়ে আমাকে শ্যুট করে দেবেন।”
ফাঁস হওয়া অডিও ক্লিপের বিষয়ে মোবারক হোসেন জানান, “সাবেক এমপি শাহিন সাহেব ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন, যা তিনি নিজেই অডিওতে স্বীকার করেছেন।”
অন্যদিকে, এমপি প্রার্থী শাহ নুরুল কবীর শাহিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।