আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ছাত্রশিবির একটি প্রভাবশালী শক্তি হিসেবে সামনে আসবে বলে মন্তব্য করেছেন উত্তরের জেলা নীলফামারীর ডোমার উপজেলাধীন ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও সাবেক শিবির নেতা গাজী আব্দুল মোতালেব আদনান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী ছাত্রশিবিরের মেধাবীদের নেতৃত্বেই আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে।
রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়; বরং এটি আদর্শিক চেতনা, নৈতিক শক্তি ও সুসংগঠিত নেতৃত্বের প্রতীক। দেশের তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে যে নৈতিকতা ও সততার ঘাটতি দেখা যাচ্ছে, তা দূর করতে ইসলামী ছাত্রশিবির কার্যকর ভূমিকা পালন করছে। ছাত্রসমাজ যদি সুশৃঙ্খল ও আদর্শিক পথে সংগঠিত হয়, তবে কাঙ্ক্ষিত পরিবর্তন আসা অনিবার্য।
বক্তব্যে গাজী আব্দুল মোতালেব আদনান বলেন, দাঁড়িপাল্লা প্রতীক কোনো সাধারণ চিহ্ন নয়; এটি ন্যায়বিচার, ইনসাফ ও সত্যের প্রতিনিধিত্ব করে। এই প্রতীকের বিজয় মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ের সমাজ গঠনের পথে অগ্রসর হওয়া।
সবশেষে তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।