ছবি : সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— ভাটগ্রাম গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুস সালাম (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে বিএনপি কর্মী আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার রূপিহার গ্রামের আবু মুসার ছেলে বিএনপি কর্মী পারভেজ মোশারফ (২৫)। স্থানীয় বিএনপি নেতারা তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর সূত্র জানায়, মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে শাজাহানপুর ক্যাম্পের সেনারা বিকালে তেঁতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালান। সেখানে আবদুস সালামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে আবু বক্কর ও পারভেজ মোশারফকেও গ্রেফতার করা হয়। তিনজনকে অস্ত্রসহ নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
