
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ © সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডি ও আশপাশের এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২২ মে) জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাদের আটক করা হয়।
এর মধ্যে ধানমণ্ডি থেকে ২৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, শুক্রবার ধানমণ্ডি-৩২ এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৩ জনকে আটক করা হয়েছে। শেরে বাংলা নগর থেকে আরও তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন।
এডিসি জিসানুল হক আরও বলেন, তারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।