নীলফামারীর চিলাহাটিতে অন্বেষণ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সেমিনার ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের প্রভাষক ও BRAC-IED এর সাইকোসোশ্যাল সাপোর্টার মোকাররমা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী, অন্বেষণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. মোঃ মোশফিকুর রহমান এবং ক্যারিয়ার স্পেশালিস্ট, লেখক ও শিক্ষক মামুনুল ইসলাম।
এছাড়া আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদুল আল মামুন (হিমু), ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ফারুক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এমবিবিএস চিকিৎসক ও বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত ডা. মোঃ সুমন হক।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন তরুণদের কাছে অত্যন্ত পরিচিত অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব মোঃ সিদ্দিক মহসিন পাটোয়ারী। তিনি আই এডুকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, অ্যাপল গ্যাজেটসের পরিচালক এবং ‘১০০ ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রজেক্ট’-এর উদ্যোক্তা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মউন্নয়ন, দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মোকাররমা খাতুন সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে সকল অতিথি, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
