
রাজশাহীর পুঠিয়ায় ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাজশাহীর বেলপুকুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
মামলার আসামিরা হলেন- পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগী নারীর স্বামী। অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশেই একটি আস্তানা রয়েছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামীও তার অনুসারী। প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান তার স্বামী। সেখানে স্বামীর সহযোগিতায় নারীর হাত-পা বেঁধে হামিদ ফকির তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে চেষ্টা করেন ওই নারীর স্বামী। পরে সুযোগ পেয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান ভুক্তভোগী। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার বেলপুকুর থানায় গিয়ে স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।