লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোট কেনার অভিযোগে জনতা দলের এক নেতাকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার ৫ ফেব্রুয়ারী সাড়ে ছয়টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট–০২ আসনে জনতা দল মনোনীত প্রার্থীর পক্ষে ‘কলম’ প্রতীকে ভোট নিশ্চিত করতে রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ৩ থেকে ৪ জন কর্মী এলাকায় প্রবেশ করেন। এ সময় তারা ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া দিলে সহযোগীদের মধ্যে ২–৩ জন পালিয়ে যায়। তবে রবীন্দ্রনাথ রায়কে টাকাসহ হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।

খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাক–এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৬ এর ২৭ ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তবে দণ্ডিত ব্যক্তি তাৎক্ষণিকভাবে নিজের দোষ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।