
বিএনপিতে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর পরই আলোচনায় আসে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের একটি মন্তব্য।
গত বছরের ১১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছিলেন।
সে সময় নাছির বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ চারটি কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নানা অনিয়মে জর্জরিত ছিল। আমরা দেখেছি, ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা স্বৈরশাসকের আমল থেকেই পরিচয় গোপন করে হলে অবস্থান করেছে এবং ছাত্রলীগের সঙ্গে প্রকাশ্যভাবে যুক্ত থেকে নানা অপকর্মে লিপ্ত ছিল। জুলাই আন্দোলনে তাদের কাউকেই রাজপথে দেখা যায়নি। অথচ এই বাংলাদেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং অসংখ্য কর্মী আজও আহত অবস্থায় সুস্থ হওয়ার অপেক্ষায় আছেন।