নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানোর সময় জাহিদ নামে পল্লী বিদ্যুতের এক কর্মচারী স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। বুধবার দুপুরে চনপাড়া বটতলা মোড় এলাকায় লিফলেট বিলি করার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ ওই এলাকায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক লিফলেট বিতরণ করছিলেন। এসময় স্থানীয় যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে একদল যুবক তার ওপর চড়াও হন। তারা লিফলেট বিতরণে বাধা দিয়ে তাকে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে এলোপাথাড়ি মারধর করেন। হামলাকারীরা জাহিদের কাছে থাকা বিপুল পরিমাণ লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী জাহিদ জানান, তিনি সরকারি দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিচ্ছিলেন। হঠাৎ রতন ও তার সহযোগীরা এসে তাকে কিল-ঘুষি মারতে শুরু করে এবং সব কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।
ঘটনার বিষয়ে পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বিদ্যুৎকর্মী সরকারের গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন। তার ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”