
সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের একটি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সেন্ট মার্টিনের ছেঁড়া-দ্বীপের আগে টেকনাফে ফেরার সময় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
তিনি জানান, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে সেন্ট মার্টিনের ছেঁড়া-দ্বীপের কাছাকাছি একটি ট্রলারসহ ছয় মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আরও কয়েকজন জেলেকে ধরে নেওয়ার খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত নয়।
ট্রলার মালিক জাকির হোসেন বলেন, তার ট্রলারটি নিয়ে গত ১৫ নভেম্বর আব্দুর করিম মাঝিসহ ছয় জেলে সাগরে মাছ ধরতে যান। সর্বশেষ ১৮ নভেম্বর সকালে ঘাটে ফেরার পথে ছেঁড়া-দ্বীপের কাছে পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ট্রলারটি ধাওয়া করে এবং জেলেসহ ট্রলার আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজ নেওয়া হচ্ছে।
এ দিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা বেশকিছু বাংলাদেশি ট্রলার শনাক্ত হয়।
সংবাদমাধ্যমটির তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করার পর মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আইন অমান্য করায় আবারও এসব ট্রলার ধরা হচ্ছে। তারা আরও জানায়, মঙ্গলবার সেখানে ১৬ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।