জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশ্লীল নাচগান’, বিএনপির দুই নেতা বহিষ্কার

 জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশ্লীল নাচগান’, বিএনপির দুই নেতা বহিষ্কার

ফাইল ছবি

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

 প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:৪১

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দলীয় কর্মসূচি বর্জন করে অশ্লীল নাচ-গান ও আনন্দ উৎসবে অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

জেলা বিএনপির বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করলেও ওই দুই নেতা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করে জেলা বিএনপির নেতাদের ও স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবের আয়োজন করেন। তাদের এ কর্মকাণ্ডকে অসাংগঠনিক, দলীয় শৃঙ্খলাবিরোধী এবং দলের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, অশ্লীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কৃত সোনামুখী ইউনিয়ন সভাপতি মাহবুল আলম মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল স্থানীয় যুবসমাজের উদ্যোগে। আয়োজকরা নিজেদের ব্যানারে জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করেছেন। 

তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দাবি করে বলেন, এ বিষয়ে জেলা বিএনপির কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্টদের নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা সে নির্দেশনা অমান্য করে অশ্লীল নাচ-গানের আয়োজন করায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে দলীয় কর্মসূচি পালন না করে অশ্লীল নাচ-গানের আয়োজন করা অত্যন্ত দুঃখজনক। এটি দলের শৃঙ্খলার পরিপন্থি। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারের বিষয়টি সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে অবহিত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে জেলা বিএনপি।

নবীনতর পূর্বতন

Smartwatchs