
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সোমবার (৪ মে) দুপুরে পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পচা ডিম দেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগেও গত বৃহস্পতিবার একই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয়েছিল বলে জানা যায়।
শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে। উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২১ হাজারের বেশি শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় রয়েছে। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ করছে।
অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের পচা ও নিম্নমানের খাবার দেওয়া হয়েছে। বিষয়টি একাধিকবার শিক্ষা কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একজন অভিভাবক বলেন, এ ধরনের খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সরকারের ভালো উদ্যোগ থাকলেও বাস্তবায়নে এমন অনিয়ম অগ্রহণযোগ্য।
আরেক অভিভাবক জানান, পচা খাবার দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, এতে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের জন্য আনা ডিমের মধ্যে অনেকগুলো পচা ছিল। বিষয়টি বুঝতে পেরে সেগুলো ফেরত দেওয়া হয়েছে এবং সরবরাহকারীদের জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে এমন ঘটনা গুরুতর অপরাধ এবং এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।