
একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়া। ছবি: সংগৃহীত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৮:৫৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা আব্দুল খালেদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ডজনখানেক মামলার অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান জোরদার করে। পরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ মোট ১৩ জনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে চনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শামীম মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পরপরই শামীমের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, পরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।