নিউজ ডেস্ক
পূর্ব শত্রুতার জেরে বাংলা সাংবাদিক শরিফ বিল্লাহর পরিবারের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী মজিবর রহমান ও তার স্ত্রী লিপি বেগমের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে নিজ বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শরিফ বিল্লাহর প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া ছোট ভাই সাদেকিন বিল্লাহকে মারধর করা হয় এবং তার সাইকেল আটকে দেওয়া হয়। একই সঙ্গে তাদের পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার স্বীকারোক্তিমূলক অডিও রেকর্ডও রয়েছে বলে দাবি করেন তারা।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ঐ২ ডিসেম্বর সকালে সাদেকিনকে স্কুলে পৌঁছে দিতে গেলে তার মা শরিফা বেগমের ওপর হামলা চালানো হয়।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্বামী হামিদুল ইসলাম ও বাড়িতে বেড়াতে আসা ননদ রাবেয়া খাতুনও হামলার শিকার হন।
এতে রাবেয়া খাতুন গুরুতর আহত হন এবং তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়,
যেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় মজিবর রহমান গ্রেপ্তার হলেও লিপি বেগমসহ অন্যান্য আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার শিকার হওয়ার পরও উল্টো তাদের নামেই মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।
অপরদিকে সাংবাদিক শরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রংপুরে অবস্থান করলেও একই মামলায় তাকে আসামি করা হয়েছে। ঘটনার দিন তিনি কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন এবং এর পক্ষে প্রমাণাদি রয়েছে বলে জানিয়েছে পরিবারটি।
এছাড়া, ঘটনার পরও শরিফ বিল্লাহর মা শরিফা বেগমের ওপর অতর্কিত হামলার অভিযোগ রয়েছে, যা স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবং পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, অভিযুক্ত লিপি বেগম দীর্ঘদিন ধরে তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছেন এবং একাধিকবার চলাচলের রাস্তা বন্ধ করার মতো ঘটনাও ঘটেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগী পরিবার অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
