
ফাইল ছবি
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৪:১০
ফেনীর সোনাগাজীতে অনুমোদনবিহীন একটি কারখানায় বিকল্প প্রদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। গত বুধবার রাতে পৌরসভার চর গণেশ এলাকায় সততা অয়েল মিলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জ্বালানি সংকটকে সামনে রেখে সততা অয়েল মিলস নামে কারখানায় অনুমোদনবিহীনভাবে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা চলছিল। এ সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানটির মালিক নুর আলম মাসুদ ও তাঁর সহকার্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। এ সময় বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন নুর আলম ও ওমর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থার অবনতি হওয়ায় রাতেই সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
নুর আলমের ভাই মো. মোর্শেদ বলেন, কারখানায় তাঁর ভাই নুর আলম বিকল্প প্রদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। এ সময় অতিরিক্ত গরমে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একটি পাইপ বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।