
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ বুধবার (৮ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে। ভারতের অভ্যন্তরে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। নিহত আলী হোসেন (৪৯) উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের প্রয়াত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৮৭৪ এর ৫ এলাকার শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি নিহত হন।
বিএসএফের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, ভোরের দিকে ৭ থেকে ৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটতে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে ‘কথিত’ চোরাকারবারীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের বাধা দিতে সতর্কতামূলক গুলি চালায় বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন আলী হোসেন।
৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সতত্য নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশিকে হত্যার ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।