
চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফিরে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। মোবাইল-টাকাসহ মুল্যবান সামগ্রী কেড়ে নিয়ে অটোরিকশা থেকে ফেলে দিলে তার মৃত্যু হয়।
সোমবার (২৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশা।
র্যাব জানায়, ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। পরদিন সকালে কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাথ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-১১ গতকাল রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে। এ সময় একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
