জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতের। একই সাথে প্রায় অর্ধশত জুলাই আন্দোলনের পরিচিত মুখ দলটিতে যোগ দিতে চলেছেন। চলতি মাসে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্লাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এরমধ্যে উল্লেখযোগ্য, আপ বাংলাদেশ ও এবি পার্টি। তাছাড়া একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে।
এনসিপি সূত্র বলছে, ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ ৩ নেতাসহ একটি অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। কয়েক দফায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলী আহসান জুনায়েদ, রাফে সালমান ছাড়াও প্লাটফর্মের মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ আরও ২৫-৩০ জন প্রাথমিকভাবে এনসিপিতে যোগদানের কথা হচ্ছে। এর বাইরে এবি পার্টি থেকে একটি অংশ যোগ দেওয়ার কথা রয়েছে এনিসিপিতে। এছাড়া নয় দফার ঘোষক ও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্রটি আরও বলছে, সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গেও দলটির নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তার যোগ দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
আরও জানা গেছে, খুব দ্রুতই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আগামী ১২ এপ্রিল যোগদানের প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে তাদের যোগদানে আরও সময় লাগতে পারে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আব্দুল কাদের দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত না। তবে তিনি বিস্তারিত কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
জানতে চাইলে আপ বাংলাদেশের শীর্ষ এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যোগদানের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। রুমিন আপার বিষয়টি চূড়ান্ত নয়, আপ বাংলাদেশের একটি অংশের যোগ দেওয়ার কথা চলছে।