নির্বাচনী কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে স্মারকলিপি


   Desk Report    


নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় শিশু নীতি–২০১১ ও শিশু আইন–২০১৩ অনুযায়ী শিশুদের রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমে যুক্ত করা আইনত দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ড শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তাদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ অবস্থায় নির্বাচনী কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে চার দফা সুপারিশ উত্থাপন করা হয়।

এ বিষয়ে জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান বলেন, নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইন লঙ্ঘন নয়, বরং এটি শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি। শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, একটি শিশুবান্ধব ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম ও আন্দোলন অব্যাহত থাকবে।
নবীনতর পূর্বতন

Smartwatchs