রাকিবুল হাসান, (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মার্জিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের মোড়লের ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মার্জিয়া টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়ার মোস্তাকিম শাহের মেয়ে এবং শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলের ক্লাস পার্টিতে অংশ নিয়েছিল মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সে। পথে মোড়লের ডাঙ্গা বাজার এলাকায় পানি পান করতে মোটরসাইকেল থেকে নামার পর পুনরায় উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। বেলা আড়াইটার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মার্জিয়া ঘটনাস্থলেই মারা যায়।ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর করেন এবং পরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, স্থানীয়রা দুর্ঘটনার পর ট্রাকটি আটক করলেও পুলিশ সেটি জব্দ করতে চাইলে উত্তেজিত জনতা তা নিজেদের হেফাজতে রাখেন। নিহত শিশুর লাশ নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
